বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা ও বিশিষ্ট ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম আরফানের চিকিৎসার খোঁজখবর নিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে যান বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
শনিবার (২৮ নভেম্বর) তিনি হাসপাতালে গিয়ে আহত শফিকুল ইসলাম আরফানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকালে বগুড়া শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় শফিকুল ইসলাম আরফানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে জানা গেছে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
আহত বিএনপি নেতা ও ফল ব্যবসায়ী শফিকুল ইসলাম আরফানের চিকিৎসার খোঁজ নিতে জেলা বিএনপি নেতাদের হাসপাতালে উপস্থিতি স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।