সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, একজন পেশাদার সাংবাদিক শাহ্ আলী তৌফিক রিপন, কেন্দুয়া- নেত্রকোনা নিজের সংকীর্ণ মানসিকতা ও ভুলের দেউলিয়াত্ব ঢাকতে শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করে অবমাননাকর রূপক ব্যবহার করে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করছেন।
বিশেষ করে শেয়ালের পালের উপমা দিয়ে মানুষ (সাংবাদিক)কে আক্রমণ করা এবং অবমূল্যায়ন করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অমূলক, রুচিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।ভিন্ন মত বা আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ না রেখে এ ধরনের অরুচিকর ভাষা ব্যবহার কেবল তাদের নিজেদের নিচু মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটায়। যারা অন্যের সমালোচনা করতে গিয়ে অন্ধের মতো কুরুচিপূর্ণ শব্দ চয়ন করেন, সমাজের সচেতন নাগরিক হিসেবে তাদের এই অসুস্থ মানসিকতার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ভিত্তিহীন ও আক্রমণাত্মক কথাবার্তা বলে কখনো সত্য বা গণমানুষের অধিকারের কণ্ঠ রোধ করা যায় না।
আপনার প্রচারিত ২য় ফেইসবুকে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিকতার একটি বিশেষ শ্রেণি বা প্রবণতাকে কেন্দ্র করে যে মন্তব্য করা হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত ওই লেখায় সাংবাদিক সমাজকে যেভাবে একপেশে ও ঢালাওভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে পেশাদার সাংবাদিকতার মূল আত্মাকে ক্ষুণ্নকরা হয়েছে বলে আমরা মনে করি। তাই এর প্রতিবাদ ও সত্যনিষ্ঠ অবস্থান তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি।
১ম, সাংবাদিকতা কেবল ক্ষমতাকে প্রশ্ন করার পেশা--এই বক্তব্যের সঙ্গে দ্বিমত নেই। কিন্তু পেশাগত সততা, নিষ্ঠা এবং প্রতিকূল বাস্তবতার মাঝেও দেশের মূলধারার সাংবাদিকরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাকে অস্বীকার করা বা খাটো করে দেখা অনুচিত। হাতে গোনা কিছু ব্যক্তির সুবিধাবাদী আচরণকে পুরো সাংবাদিক সমাজের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।
২য়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় নানা কাঠামোগত ও রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হন। এটিকে সরলীকরণ করে ‘প্রভু বদল’ বা ‘ক্ষমতার ইশারা’ হিসেবে চিহ্নিত করা সাংবাদিকতার গভীর সংকট ও কাঠামোগত চাপগুলোকে এড়িয়ে যাওয়ার শামিল। প্রকৃত সাংবাদিকরা সব সময়ই জনস্বার্থ ও সত্য প্রকাশকে সর্বাগ্রে স্থান দিয়ে থাকেন। ঢালাওভাবে সাংবাদিকতাকে ‘গৃহপালিত’ বা ব্যক্তিস্বার্থের হাতিয়ার হিসেবে অভিহিত করা সৎ ও স্বাধীন সাংবাদিকদের নৈতিক মনোবলে আঘাত হানে।
আশা করি সংশ্লিষ্ট ব্যক্তিরা শিষ্টাচার ও শালীনতা বজায় রাখবেন এবং এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারের পথ থেকে সরে আসবেন।
প্রতিবাদকারী
মোহাম্মদ সালাহ উদ্দিন,
উপজেলা প্রতিনিধিঃ দৈনিক দিনকাল,
কেন্দুয়া, নেত্রকোনা।