ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলা বিভক্ত করার পরিকল্পনার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় জনগণ।

রেলপথ অবরোধের ফলে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা ব্যাহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকে আছে। বিষয়টি নিশ্চিত করে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, নিরাপত্তার স্বার্থে ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম ভেঙে নতুন একটি ইউনিয়ন গড়ে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়। সম্প্রতি সেই ইউনিয়নের সাথে সদরের আরও কয়েকটি ইউনিয়ন একীভূত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব পাঠানো হলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং রাজপথে নামেন।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে।