নিউজিল্যান্ডের কেপ প্যালিসার সংলগ্ন উপকূলে আটকা পড়ে ৪৩টি পাইলট হোয়েলের মৃত্যু হয়েছে। পরিবেশ সংরক্ষণকর্মী ও উদ্ধারকারী দলের জন্য এই ঘটনাটিকে অত্যন্ত ‘কঠিন ও মর্মান্তিক’ বলে বর্ণনা করা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কেপ প্যালিসারের কাছে এনগাউই উপকূলে তিমি আটকে পড়ার খবর পায় নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ (ডিওসি)। সে সময় অন্তত ২০টি তিমি উপকূলে দেখা যায়, যার মধ্যে চারটি তখনো জীবিত ছিল। পরিবেশ সংরক্ষণ সংস্থা ‘প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড’, ডিওসি এবং স্থানীয় মাওরি গোষ্ঠী যৌথভাবে জীবিত তিমিগুলোর স্বাস্থ্য পরীক্ষা ও জোয়ারের সময় পানিতে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল।
তবে পরবর্তীতে শুক্রবার দুপুরে ডিওসি জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোয়েতো উপকূল পর্যন্ত মোট ৪৩টি মৃত তিমি পাওয়া গেছে এবং উদ্ধারকৃত জীবিত তিমিগুলোও দিনভর মারা যায়। স্থানীয় জেলে অ্যান্ড্রু সিম এই আকস্মিক প্রাণহানিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ইয়ান এল. বয়েড জানান, সামাজিক স্বভাবের তিমিরা দলবদ্ধভাবে চলাফেরা করায় অনেক সময় অগভীর ঢালু উপকূলে একসঙ্গে আটকা পড়ে। নিউজিল্যান্ডে বর্তমানে গ্রীষ্মকাল চলায় খাদ্যের সন্ধানে তিমিগুলো উপকূলের কাছাকাছি চলে আসে এবং মূলত এ সময়কালেই সৈকতে তিমি আটকা পড়ার ঘটনা বেশি ঘটে থাকে।