চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২ জন আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার রাতে উত্তর ফটিকছড়ির হেঁয়াকো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী ঘোষণা কবির। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর গুরুতর অবস্থায় ঘোষণা কবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের পর এক পক্ষের অনুসারীরা সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ তৈরি করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীভোগান্তি বাড়ে।
খবর পেয়ে ভূজপুর থানা ও দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে অবরোধ তুলে দেন। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।