হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি আজ রোববার। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে উদযাপিত এই উৎসবকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার প্রস্তুতি ও আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

পঞ্জিকা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়ে সোমবার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত বহাল থাকবে। সাধারণত মধ্যরাতে শক্তি ও শান্তির দেবী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি অনেকে এ তিথিতে লক্ষ্মীপূজাও করে থাকেন। এছাড়া সন্ধ্যায় ঘরবাড়ি ও শ্মশানে প্রদীপ জ্বালিয়ে স্বজনদের স্মরণ করার মধ্য দিয়ে পালিত হয় আলোর উৎসব দীপাবলি।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, সিদ্ধেশ্বরী কালীমন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দিরসহ পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও পোস্তগোলা মহাশ্মশানের মন্দির ও মণ্ডপগুলোতে শ্যামাপূজার বিস্তৃত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।