সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি।

শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাংলাদেশিদের বহনকারী বাসটিকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তাদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এবং তারা একাধিক পরিবারের সদস্য।

কনস্যুলেট কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে নিহত সাতজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।