রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “হলের সিট পুনর্বহাল, আবাসনসংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?”
তিনি আরও বলেন, “অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণ করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।”