নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ এবং নিজের আঁকা একটি বিশেষ ছবি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে খুলনার দুই শিশু শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান চলাকালে খুদে শিক্ষার্থী অরিন সাফাত খান সম্পূর্ণ নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতির কথা জানিয়ে অরিন সাফাত বলে, "আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজ হাতে লেখা কোরআন শরিফ দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তিনি আমার সঙ্গে কথা বলেছেন এবং লেখার পাতাগুলো দেখে খুব সুন্দর হয়েছে বলে প্রশংসা করেছেন।"
একই অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী নায়লা তাসলিম জামান তার নিজ হাতে আঁকা একটি সুন্দর ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেয়। প্রধানমন্ত্রী ছোটদের কাছ থেকে পাওয়া এ ধরনের সৃজনশীল উপহার অত্যন্ত আনন্দচিত্তে গ্রহণ করেন এবং তাদের পড়াশোনা ও সৃজনশীল চর্চা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। শিশুদের এমন ব্যতিক্রমী উদ্যোগ অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।