ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারপ্যারের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা আমাদের রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে যে ত্যাগ ও ভূমিকা রেখেছেন তা অনস্বীকার্য। তাঁর আদর্শ অনুসরণে সচেষ্ট থেকে দায়িত্ব পালনের জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সাফু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনাম মাহমুদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।