গাজীপুর চৌরাস্তার নাওজোর বাজার এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে নাওজোর বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আবদুল্লাহ (১৮), আহাদ (১৯), আশরাফুল (২৬) এবং নাঈম (২৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনের মধ্যে আহাদের শরীরের ৫৫ শতাংশ, আবদুল্লাহর ২০ শতাংশ, আশরাফুলের ১৫ শতাংশ এবং নাঈমের ৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, আহাদ, আবদুল্লাহ ও আশরাফুল—এই তিনজনকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিকেল ইউনিটে (এইচডিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আহাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।