একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল অভিনেত্রী রাধিকা আপ্তের চরিত্রকে। শুধু তা-ই নয়, নিজের চেয়ে বয়সে অনেক বড় অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অংশ নিতে হয়েছিল তাকে। ছবির গল্প ও কাজের পরিবেশ—কোনোটিই ভালো লাগেনি বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী ছবিতে কাজ করার সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
রাধিকা আপ্তে জানান, "একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।"
গল্পের বিষয়বস্তুর পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান এবং কাজের পরিবেশ নিয়ে আপত্তি জানিয়ে অভিনেত্রী আরও বলেন, "আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।"
রাধিকা সরাসরি ছবির নাম প্রকাশ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, এটি ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমাকে ইঙ্গিত করে বলা। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। ফলে তার এই মন্তব্যের পর বালকৃষ্ণের ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ রাধিকার সমালোচনা করে লিখেছেন, চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে সিনেমাটি করার আগেই তা জানানো উচিত ছিল। আবার অনেকে ‘পার্চড’ ছবিতে আদিল হুসেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের উদাহরণ টেনে দক্ষিণী ছবির ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ তোলেন।