বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এই নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে। এই নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরায় এ দেশে প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনার ফর ডেমোক্রেসি এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। '২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, তাদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সার্বিক রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে মতবিনিময় করেন। এছাড়া সংবিধান সংশোধন কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংসদীয় বিতর্ক সহজতর করার প্রস্তাব দেন তারা।

উল্লেখ্য, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও বি-স্ক্যান (B-SCAN) যৌথভাবে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।