শিক্ষার্থীদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম এবং জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ পরিদর্শন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উদ্যোগটি প্রাথমিক পর্যায়ে সমঝোতা স্মারকের তারিখ থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এবং পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন, খাবারের ব্যবস্থা নিশ্চিত করবে এবং নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।
ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো। তারা চান নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।