রাজধানী ঢাকার একটি ভাড়া বাসা থেকে মো. আকাশ (১৪) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আকাশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনিবস্তী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র তিন দিন আগে ঘোরাঘুরির উদ্দেশে বাড়ি থেকে ঢাকায় এসেছিলেন আকাশ। ভ্রমণ শেষে খুব শিগগিরই তাঁর বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু পরিবারের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তাঁর মৃত্যুর দুঃসংবাদ পৌঁছায় গ্রামে। ঢাকায় যে বাসায় তিনি উঠেছিলেন, সেখান থেকেই তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আকাশের এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পাওয়ার পরপরই নিহতের মরদেহ উদ্ধার ও বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্যে পরিবারের সদস্যরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
এদিকে, আকাশের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। বন্ধুদের মাধ্যমে প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে আলোচনা উঠলেও এর পক্ষে সুনির্দিষ্ট বা নিশ্চিত কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছানোর পর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিস্তারিত তদন্তের মাধ্যমেই এই মৃত্যুর প্রকৃত রহস্য প্রকাশ পাবে বলে ধারণা করা হচ্ছে।