রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব (প্রশাসন-১ শাখা) ইমতিয়াজ হোসেন এবং সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানকে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের যেকোনো কর্মকর্তাকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা যাবে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দিনে আইইডিসিআর কার্যালয়ে স্বশরীরে প্রবেশ করে অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে মারধর করার অভিযোগ ওঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক চিকিৎসক জাহিদ হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি।