গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংগঠনটি মনে করে, গোষ্ঠীস্বার্থে প্রায় শেষ হতে যাওয়া এই প্রকল্প বাতিল করা চরম অগ্রহণযোগ্য। তাই অবিলম্বে বিআরটি চালুর দাবি জানিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৯৭ শতাংশ কাজ সম্পন্ন হওয়া এবং এক যুগের বেশি জনভোগান্তির পর ইতোমধ্যে সরকারি খরচের প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় হয়ে গেছে। এই অবস্থায় প্রকল্পটি বাতিল না করে অবশিষ্ট কাজ শেষ করে জনগণের উপযোগী করাই ছিল যুক্তিযুক্ত ও অর্থনৈতিকভাবে লাভজনক সিদ্ধান্ত। প্রাইভেট বাস মালিক ও ব্যক্তিগত গাড়ির মালিকদের সুবিধা দিতে বিআরটি বাতিল করে একে সাধারণ মহাসড়কে রূপান্তরের উদ্যোগ টেকসই পরিবহন নীতি ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের পরিপন্থী।

আইপিডি উল্লেখ করে, একদিকে সরকার ঢাকায় বাস রুট ফ্র্যাঞ্চাইজিং ও লাখ কোটি টাকার মেট্রোরেল অনুমোদন দিচ্ছে, অন্যদিকে মাত্র এক হাজার কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ করলে সাশ্রয়ী বিআরটি চালু করা সম্ভব হলেও তা বাতিল করছে—যা স্পষ্ট নীতিগত বৈপরীত্য। একইসঙ্গে দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগ সহ্য করা গাজীপুরবাসীর দাবি উপেক্ষা করে আমলা ও স্বার্থান্বেষী মহলের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করে সংস্থাটি।

আইপিডির মতে, বিআরটি প্রকল্পের ত্রুটিগুলো নিরপেক্ষ কারিগরি পর্যালোচনার মাধ্যমে সংশোধন করে তা চালু করতে হবে। পাশাপাশি প্রকল্পের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও অপচয়ের দায়ীদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি।