যুক্তরাজ্য সফররত ওমানের সুলতানের সম্মানে আয়োজিত নৈশভোজে ওমানিদের প্রশংসায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে শোনালেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে ওমানের সুলতান হাইথাম বিন তারিক-এর আগমন উপলক্ষ্যে এ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রাজা তৃতীয় চার্লস ওমানিদের চমৎকার আতিথেয়তা, সৌজন্যতা ও নমনীয় স্বভাবের প্রশংসা করতে গিয়ে বিশ্বনবীর এই বাণীটি উল্লেখ করেন।
মহানবী (সা.) মূল বাণীটি দিয়েছিলেন এক সাহাবীর উদ্দেশ্যে, যাকে আরবের একটি গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে পাঠানো হয়েছিল। তবে সেই গোত্রের লোকজন ওই সাহাবীকে গালিগালাজ ও নির্যাতন করে তাড়িয়ে দেয়। তখন মহানবী (সা.) তাকে শান্ত্বনা দিয়ে বলেছিলেন, “তুমি যদি ওমানের বাসিন্দাদের কাছে যেতে, তবে তারা তোমাকে গালিও দিত না এবং নির্যাতনও করত না।” উল্লেখ্য, এটি সহীহ মুসলিম শরীফে ২,৫৪৪ নম্বর হাদিস হিসেবে লিপিবদ্ধ রয়েছে।
ব্রিটিশ রাজপরিবারের দপ্তর থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজপ্রাসাদের সুসজ্জিত মঞ্চে সুলতান হাইথাম বিন তারিকের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস মাইকের সামনে এসে মহানবীর আরবি বাণীটি উচ্চারণ করছেন। পরে তিনি ওমান ও যুক্তরাজ্যের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের নানা দিক তুলে ধরেন।