গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামের এক শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিলে শাপলা তুলতে গিয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার পুনতাইর এলাকার 'গারামারা' বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাম্মী আকতার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে শাম্মী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে মঙ্গলবার সকালে বাড়ির পাশের গারামারা বিলে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার বিস্তারিত জানিয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছিল, তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে বিলে শাপলা তুলতে গিয়ে সে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গিয়ে থাকতে পারে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।