রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আদেশ এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় পরিচালিত এ সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন হাসপাতাল পরিচালনা পর্ষদের নবমনোনীত সদস্য আব্দুস সালাম সরকার।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমানসহ হাসপাতাল প্রশাসন ও গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাধারণ রোগী ও স্বজনদের কাঙ্ক্ষিত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে বহিরাঙ্গন থেকে শুরু করে ভেতরের প্রতিটি ওয়ার্ডে পরিবর্তন আনা হচ্ছে। হাসপাতালের মূল ফটকের সামনের ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হয়েছে এবং পরিবেশকে মনোরম করতে একটি দৃষ্টিনন্দন বাগান নির্মাণের কাজ চলছে।

পরিস্কার-পরিচ্ছন্নতা জোরদারের অংশ হিসেবে হাসপাতালের সপ্তম তলা থেকে নিচতলা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের বাথরুম ও টয়লেট ব্লকসমূহ গভীরভাবে ধৌত ও জীবাণুমুক্ত করা হচ্ছে। একইসাথে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) তত্ত্বাবধানে জরাজীর্ণ দেয়াল মেরামত, নতুন রঙ করা, নষ্ট পানির ট্যাপ পরিবর্তন এবং বাথরুমের দরজা মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

পরিদর্শন শেষে আব্দুস সালাম সরকার জানান, হাসপাতালকে সম্পূর্ণ জনবান্ধব, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করতে এ ধরনের মনিটরিং ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।