বাংলাদেশের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতের 'জেন-জি' বা নতুন প্রজন্ম গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে আন্দোলন শুরু করছে—ভারতের ছাত্রনেত্রী নেহা বোরার এমন ভিডিও বার্তাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে।
বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি নেহার ভিডিও প্রকাশ করে অভিযোগ করেন, কংগ্রেসনেতা রাহুল গান্ধী ও তার সহযোগীরা গণতান্ত্রিক পন্থার বাইরে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে, ভারতেও সেভাবে সরকার পতনের পাঁইতারা করছেন। এটিকে ভারতের গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যা দেন তিনি।
অন্যদিকে, এসব অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়ে কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, বিজেপি সরকারের গণতন্ত্রের দোহাই দিয়ে তরুণদের ন্যায়সংগত দাবি দমানো যাবে না। তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং ভারতের গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলনের মাধ্যমেই ভোটাধিকার ও সরকার পরিবর্তনের পথ তৈরি হবে বলে তিনি স্পষ্ট জানান।