নওগাঁর পত্নীতলা ও ধামুইরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৮৭২টি প্রাচীন বিদেশি কয়েন (মুদ্রা) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব কয়েনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ১৪ বিজিবির সহযোগিতায় পত্নীতলার মাদাইনগর ও ধামুইরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের রশিদ মিয়া (৫২) এবং ধামুইরহাট বাজার এলাকার রুবেল মিয়া (৫০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দেশের শতবর্ষী ও ঐতিহাসিক কয়েন উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে—

ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের প্রাচীন মুদ্রা, ভারতের তৎকালীন ‘আনা’ ও পয়েন্ট যুক্ত তামার মুদ্রা, পাকিস্তানের পাঁচ, দশ ও এক পয়সার কয়েন, বাংলাদেশের এক টাকার ৩২টি কয়েন, এছাড়া দুটি বাটন মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।

জব্দকৃত মুদ্রার মধ্যে সবচেয়ে দামি ছিল ব্রিটিশ ভারতের এক-চতুর্থাংশ আনার তামার মুদ্রা। এর মধ্যে রাজার প্রতিকৃতিযুক্ত ৫৮৭টি কয়েনের আনুমানিক মূল্য ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৫৬৬ টাকা এবং রানির প্রতিকৃতিযুক্ত ১৪৮টি কয়েনের মূল্য ৫ লাখ ২৩ হাজার ৪৭৬ টাকা বলে নির্ধারণ করেছে বিজিবি।

জব্দকৃত প্রত্নতাত্ত্বিক সম্পদ ও উদ্ধার করা কয়েনসহ আটককৃতদের নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।