খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১ জনে।

রোববার (৪ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩৩০ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৭ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন খুলনা জেলায় এবং ১ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় সর্বমোট ১৪,৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১,২৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং ১২,৮২৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগে এ পর্যন্ত মারা যাওয়া ৫১ জনের মধ্যে কেবল খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই ৪৪ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।