পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। আজ মঙ্গলবার (০৯ জুন) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয়। এর আগে গতকাল সোমবার (০৮ জুন) বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ (৩৫), পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির (২৮) এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু (৩০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (০৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদী থেকে নিখোঁজ ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার (০৪ জুন) জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্ত আসামিদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের একপর্যায়ে ওই বাড়ির ভেতরে থাকা রান্নার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা ও প্রতিবেশীরা দগ্ধ হন। ঘটনার সময় ক্ষুব্ধ জনতার ভয়ে আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান, পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে জানান, "ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল একজন এবং আজ সকালে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।" উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!