বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার পরিবারকে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় ও দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য জরুরি সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশ ফুটবলের অন্যতম শীর্ষ তারকা ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে তিনি ছিলেন দলের অন্যতম প্রধান ভরসা ও ম্যাচ উইনার। আজ মঙ্গলবার (০৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতিতে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। দেশের নারী ফুটবলে অসামান্য অবদান এবং ব্যক্তিগত সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। চেক হস্তান্তরকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে সশরীরে গিয়ে তার মায়ের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা পৌঁছে দেন। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার ঐতিহাসিক অভিযানেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অবদান রাখেন। পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে কঠোর পরিশ্রম ও প্রতিভা দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন ঋতুপর্ণা চাকমা। প্রতিকূলতা জয় করে তার এই এগিয়ে চলা আজ দেশের অসংখ্য উদীয়মান নারী ফুটবলারের জন্য এক বড় অনুপ্রেরণার নাম।
মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!