সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুবিধা দিয়ে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক গণমাধ্যমে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩০ বছর মেয়াদি এই চুক্তির ফলে ভবিষ্যতে সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজার কোটি ডলার মূল্যের এই বিশাল উদ্যোগের মূল লক্ষ্য হলো অন্য বিদেশি প্রতিযোগীদের দূরে সরিয়ে সৌদি আরবের পারমাণবিক পরিকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি সংস্থাসমূহকে প্রধান ভূমিকায় রাখা। এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকলে পারমাণবিক প্রযুক্তির অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। চুক্তি অনুযায়ী সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে সরাসরি ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্র।
চুক্তির ফলে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা সহজ হবে দাবি করা হলেও ওয়াশিংটনে এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার এবং বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যে পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হলে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!