টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে লাইসেন্সবিহীন ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ এবং একজনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মধুপুর বনাঞ্চলের মহিষমারা ও কুড়ালীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান জানান, লাইসেন্সবিহীনভাবে অবৈধভাবে পরিচালিত করাতকলগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে ৫টি কলের মেশিন ও করাত খুলে নেওয়া হয় এবং অপর এক মালিককে জরিমানা করা হয়।
ডেপুটি রেঞ্জার সাইফুল ইসলাম জানান, মধুপুর রেঞ্জের মহিষমারা বিটের অধীন কুড়ালীয়া ইউনিয়নের কুড়ালীয়া বাজার সংলগ্ন ও মহিষমারা বিটের আওতায় কুড়ালীয়া ইউনিয়নের কুড়ালীয়া বাজারের কেউটাই এলাকায় অভিযান চালিয়ে মোট ৬টি অবৈধ করাতকল চিহ্নিত করা হয়। এর মধ্যে লাউফোলা বাজার সংলগ্ন এলাকায় পিন্টুর ২টি এবং কুড়ালীয়া বাজারের কেউটাই এলাকায় আরও ২টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়।
অবৈধ করাতকল পরিচালনার দায়ে লিটন নামের একজনকে দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে ৫টি জেনারেটর চালিত ইঞ্জিন, চেইন, হুইল, প্লেট ও অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, বন বিভাগের সহকারী বন সংরক্ষক রোকসানা জাহান, ফরেস্ট রেঞ্জার ফয়সাল হোসেন, মধুপুর সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলামসহ বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!