ঢাকা-১২ আসন এলাকার ৩৫ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে শনিবার রাতে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
এ বিষয়ে রোববার জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেলিম উদ্দিনের উদ্যোগে এর আগেও তিন ধাপে শতাধিক রোগীকে এই সেবা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার চতুর্থ ধাপে আরও ৩৫ জনের চোখের ছানি অপারেশন করা হলো।
অপারেশন শেষে রোগীদের খোঁজখবর নিয়ে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমাজের বিত্তবানদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রক্ষমতায় না থাকা সত্ত্বেও জামায়াতে ইসলামী কল্যাণমূলক কাজের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এ সময় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা ও দুর্নীতি এবং বেসরকারি হাসপাতালের ব্যয়বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা গ্রহণ কঠিন হয়ে পড়েছে। একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে তার দল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!