ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময় বেশকিছু জেলায় নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার ১৮ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।
এছাড়া উত্তর-পূর্বাঞ্চলে সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধির ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
পাশাপাশি দেশের উপকূলীয় জেলাগুলোতেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের উচ্চতা বেশি থাকায় নদ-নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!