হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ টোল আদায়ের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
গত ১৩ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর ব্যয়ের জোগান দিতে এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ২০ শতাংশ হারে টোল আরোপ করা হবে। তবে এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তিনি সিদ্ধান্তটি প্রত্যাহার করে নিলেন।
ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি জানান, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির বিনিময়েই তিনি টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে এসেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই বিনিয়োগের পরিমাণ হবে ‘বিপুল’, যার ফলে যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন, শিল্পায়ন এবং লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে বিনিয়োগের নির্দিষ্ট কোনো অংকের কথা তিনি প্রকাশ করেননি।
টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ইরান ইস্যুতে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত থাকবে, তবে ইরানের কোনো জাহাজ এটি ব্যবহার করতে পারবে না। এমনকি কোনো ইরানি জাহাজ বন্দর ছেড়ে বাইরে যেতে পারবে না এবং দেশের বাইরে থাকা জাহাজগুলোও ফিরতে পারবে না।’ এছাড়া ইরানের বন্দরগুলোতে পুনরায় সম্পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল সরবরাহ পথে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা ও সিদ্ধান্ত বদলের ঘটনা ঘটল।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!