রাজধানীর উত্তরায় বিএনএস টাওয়ারের সামনে এবং ইসিবি চত্বরের উভয় পাশে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীকে পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ।

বুধবার (১৫ জুলাই) এক বার্তায় ডিএমপির ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্টমুখী অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যানবাহনের দীর্ঘ সারি কুড়িল ফ্লাইওভার পর্যন্ত পৌঁছেছে, ফলে ওই এলাকায় চলাচলরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ডিএমপি সূত্রে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে যানজট এড়াতে নাগরিকদের সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।