সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রযুক্তিগত অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জাতীয় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধীদের পরিবর্তনশীল কৌশলের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। সদ্য প্রণীত এই নতুন আইন আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
আইনটির বিশেষ দিকগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, নতুন আইনটি মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে। এছাড়া তদন্ত ও বিচারিক ক্ষমতা জোরদার, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পারস্পরিক সহযোগিতার সুযোগকে আরও প্রসারিত করেছে।
আইনটির সফল বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভুক্তভোগীকেন্দ্রিক ফৌজদারি বিচারব্যবস্থা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম আইনটির প্রেক্ষাপট ও মূল বিধানগুলো উপস্থাপন করেন। এছাড়া ফৌজদারি বিচার প্রক্রিয়ার প্রতিটি ধাপে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
এ আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক, জাতিসংঘের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!