টাঙ্গাইলের ধনবাড়ীতে লিমা আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা ওই গ্রামের সুরুজ আলীর মেয়ে এবং ধনবাড়ী সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ধনবাড়ী পৌর শহরের বন্দে টাকুরিয়া গ্রামের এক তরুণ মুঠোফোনে কল করে লিলিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সারাদিন ঘোরানোর পর সন্ধ্যায় তাকে লিমার ভগ্নিপতির বাড়িতে রেখে আসা হয়। রাতে সে বড় বোনের সঙ্গে ছিল এবং সকালে খাওয়া-দাওয়াও করে। এর কিছুক্ষণ পরই ভগ্নিপতির বাড়ির একটি কক্ষে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে অন্য কেউ জড়িত থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “পুলিশ লিমার ভগ্নিপতির বাড়ির একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতের পরিবার মৃত্যুর কারণ হিসেবে প্রেমঘটিত কোনো বিষয়ের কথা আমাদের জানায়নি।”