প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীনের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের কাছে প্রতারক চক্রের ফোনকলের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক কর্মকর্তাকে ফোন করে এই প্রতারণার চেষ্টা করা হয়।
শিল্পকলা একাডেমির জনসংযোগ ও আইসিটি কর্মকর্তা (অ.দা.) সাবিনা ইয়াসমিন জানান, গত রোববার (১২ জুলাই) বিকাল ৫টা নাগাদ একটি নম্বর থেকে তাকে ফোন করা হয়। প্রথমে ব্যস্ততার কারণে রিসিভ করতে না পারলেও, ৫টা ৪ মিনিটে পুনরায় কল করলে প্রতারক নিজেকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন হিসেবে পরিচয় দেয়।
প্রতারক ওই কর্মকর্তার সঙ্গে প্রায় ৩ মিনিট কথা বলে। এ সময় সে একাডেমির বিভিন্ন কার্যক্রমের আপডেট জানতে চায় এবং কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রলোভন দেখায়। সরকারি দায়িত্ব পালনকালে নিয়মিত নানা দপ্তরের ফোনকল রিসিভ করতে হয় বিধায় প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, পরবর্তীতে সন্দেহ হলে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন এটি একটি ভুয়া ফোনকল ছিল।
সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরের মতো স্পর্শকাতর বিষয়ে প্রতারকদের এ ধরনের ফোনকল সরকারি কার্যক্রমকে ব্যাহত করে। প্রকৃত তথ্যপ্রত্যাশীরাও এতে বিভ্রান্তির শিকার হন।’ তিনি সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!