তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অর্জিত গণতান্ত্রিক বাংলাদেশে এখন ‘রাষ্ট্র মেরামতের’ কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই লক্ষ্য বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং জাতীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব।"
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, "আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, বরং রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশ ও জাতির উন্নয়নে নিজের জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে পরিবেশ সুরক্ষার বার্তা প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে একটি টেকসই সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!