চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের শুরু থেকেই প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক ধারার দেখা মিলেছে। অর্থবছরের প্রথম ছয় দিনে (১ জুলাই থেকে ৬ জুলাই) দেশে ৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে) এর পরিমাণ প্রায় ৮ হাজার ৫৪৩ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গতকাল সোমবার (৬ জুলাই) এক দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৮৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
চলতি বছরের জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪২ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ৬২ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া এবং ডলারের দর স্থিতিশীল থাকার ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে আগের চেয়ে বেশি আগ্রহী হচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!