বরিশালে অগ্রণী হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল আজিজকে নির্যাতন ও জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক নুরুন নাজনীন রিমান্ড আবেদন নামঞ্জুর করে দুই আসামিকে জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শম্ভু নাথ সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ জুন নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে ব্যবসায়িক বিরোধের জেরে মো. আব্দুল আজিজকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এসময় তার স্পর্শকাতর স্থানে চাপ প্রয়োগ করে জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ফুটেজ ভাইরাল হওয়ার পরদিন, ৫ জুলাই আব্দুল আজিজ বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা করেন। মামলার পর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনার অন্যতম অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটু (অগ্রণী হাউজিংয়ের পরিচালক ও যুবদল কর্মী) এবং আবুল কালাম আজাদকে (শহীদ জিয়া স্মৃতি সংসদ বরিশাল মহানগরের দপ্তর সম্পাদক ও জিয়া মঞ্চ বরিশাল সদর উপজেলা শাখার সভাপতি) গ্রেপ্তার করে।
তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান রিমান্ডের আবেদন জানালেও, আদালত তা মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!