বিশ্বকাপে বিভিন্ন খেলোয়াড় ও দল নিয়ে অদ্ভুত সব ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন ঘানার তান্ত্রিক কুয়াকু বনসাম। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হ্যারি কেনকে জাদু করে আটকে রেখেছেন—এমন দাবি করে ভাইরাল হওয়া এই তান্ত্রিক এবার মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে নতুন বার্তা দিয়েছেন।

এর আগে কুয়াকু বনসাম দাবি করেছিলেন, আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে এবং পর্তুগাল চ্যাম্পিয়ন হবে। তবে বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আর্জেন্টিনা ৩-২ গোলে জয়ী হয়েছে। অন্যদিকে, রোনালদোর পর্তুগাল স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। অর্থাৎ, তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী পুরোপুরি ব্যর্থ হয়েছে।

ভবিষ্যদ্বাণী কাজে না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন বনসাম। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দাবি করেন, মেসিকে নিয়ে ছড়ানো সব ভবিষ্যদ্বাণী ভুয়া। তিনি বলেন, “আমাকে নিয়ে একটি ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে, আমি ভবিষ্যদ্বাণী করেছি মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার আধ্যাত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।”

তিনি আরও দাবি করেন, তিনি ব্যক্তিগতভাবে মেসি ও আর্জেন্টিনার সমর্থক এবং মেসিকে ভাইয়ের মতো ভালোবাসেন। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা হারবে—এমন কোনো মন্তব্য তিনি করেননি বলেও সাফাই গেয়েছেন এই তান্ত্রিক।

নিজের আগের ব্যর্থ ভবিষ্যদ্বাণীগুলো নিয়ে সরাসরি কিছু না বললেও, বর্তমানে মেসি ও আর্জেন্টিনার প্রতি নিজের ‘সমর্থন’ জাহির করে নতুন করে আলোচনায় আসার চেষ্টা করছেন ঘানার এই আলোচিত তান্ত্রিক।