ঢাকার দোহার উপজেলা থেকে শফিউদ্দিন মোল্লা নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

দোহার থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শফিউদ্দিন মোল্লা জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শফিউদ্দিনের বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।