গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে একটি পোশাক কারখানার সামনে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে একদল দুর্বৃত্ত।

রোববার (২৮ জুন) দুপুরে টঙ্গী বিসিক শিল্পনগরীর পাগার এলাকায় ‘ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে অবস্থানরত বিদেশি ক্রেতারা (বায়ার) দীর্ঘসময় অবরুদ্ধ হয়ে পড়লে পুরো শিল্পাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে একদল ব্যক্তি কারখানার প্রধান ফটকে জড়ো হয়। এসময় আশপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। মহড়ায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৮-১০ জনের একটি প্রতিনিধি দল জোরপূর্বক কারখানায় প্রবেশ করে। তারা নিজেদের ‘সিটি করপোরেশনের প্রশাসকের লোক’ পরিচয় দিয়ে ঝুট ব্যবসা হস্তান্তরের হুমকি দেয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা আল আমিন জানান, ঘটনার সময় বিদেশি বায়াররা কারখানায় উপস্থিত ছিলেন। আকস্মিক এই মহড়া ও অস্ত্র প্রদর্শনকারীদের উপস্থিতিতে তারা দীর্ঘসময় ভেতরে অবরুদ্ধ ছিলেন। বর্তমান ঝুট ব্যবসায়ী নুরুজ্জামান অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলেও নতুন করে একটি রাজনৈতিক পক্ষ প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

স্থানীয়দের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে কারখানাটির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। বর্তমানে তা বিএনপির স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে থাকলেও, মহানগর বিএনপির দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে এ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মহড়ায় অংশ নেওয়া কয়েকজন যুবদল ও বিএনপি কর্মীর সংশ্লিষ্টতা থাকলেও তাদের দাবি, তারা প্রশাসনের সালাম জানাতেই সেখানে গিয়েছিল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত বড় কোনো সংঘর্ষ বা অস্ত্র প্রদর্শনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে বলে তিনি জানিয়েছেন।