বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিএফডিসি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। তার প্রার্থিতাকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় নায়ক ওমর সানী। ১৯৯২ সালের ‘চাঁদের আলো’ সিনেমার সহশিল্পী হওয়ায় তাদের মধ্যকার সম্পর্ক বেশ দীর্ঘদিনের।
সম্প্রতি এফডিসিতে এসে মুক্তির জন্য শুভকামনা জানিয়ে ওমর সানী বলেন, “ও (মুক্তি) আমার প্রথম সিনেমার নায়িকা। আমি মুক্তিকে আশীর্বাদ দিতে এফডিসিতে এসেছি। আমি চাই মুক্তি ভালো কিছু করুক।” তিনি আরও বলেন, “শিল্পী সমিতি এক সময় ভঙ্গুর অবস্থায় ছিল, জোরজবরদস্তির রাজত্ব কায়েম হয়েছিল, যা এবার নেই। আমি ওপেন মুক্তির প্যানেলের সঙ্গে আছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও সানী মুক্তির জন্য দোয়া চেয়ে লিখেছেন, “আমার প্রথম সিনেমার নায়িকা, শ্রদ্ধেয় আনোয়ারার খালার সুযোগ্য কন্যা মুক্তি শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছে। ওর জন্য আমার মন থেকে অনেক দোয়া ও শুভকামনা রইল।”
ওমর সানীর মতো একজন গুণী অভিনেতার সমর্থন পেয়ে আবেগাপ্লুত রুমানা ইসলাম মুক্তি। তিনি বলেন, “আমার প্রথম সিনেমার নায়ক ওমর সানী ভাই। তাকে পাশে পেয়ে আমি ভীষণ খুশি।”
উল্লেখ্য যে, রুমানা ইসলাম মুক্তি প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারার কন্যা। রুপালি পর্দা থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের মানুষের সুখে-দুঃখে তাকে সবসময় পাশে দেখা যায়। সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তির সঙ্গে একই প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান। এবার নির্বাচনে জয়ী হয়ে মুক্তি সাংগঠনিকভাবে কতটা দায়িত্ব পালন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!