অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করে বৈশ্বিক দরবারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।
রোববার (২৮ জুন) ঢাকার ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মোবাইল ফোন অপারেটর রবি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ যৌথভাবে এই পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করে।
জ্ঞান ও দক্ষতায় ক্ষমতায়ন
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, “জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমেই মানুষকে প্রকৃত ক্ষমতায়ন করা সম্ভব।” রবির ‘অ্যাডভান্সিং ডিজিটাল সোসাইটি’ উদ্যোগের লক্ষ্য নাগরিকদের ডিজিটাল অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা উল্লেখ করে তিনি জানান, দেশের টেকসই উন্নয়নে রবি সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে আগামীতেও এমন সহযোগিতা অব্যাহত রাখবে।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা গণমাধ্যমের পরিবর্তনশীল চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ক্রমাগত শেখার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের যৌথ উদ্যোগ সাংবাদিকদের যেমন দক্ষ করে তোলে, তেমনি জনসাধারণের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে।”
আয়োজকরা জানান, এই বিশেষায়িত কোর্সে সাংবাদিকদের ইংরেজি ভাষার দক্ষতা, আধুনিক যোগাযোগ কৌশল এবং বাস্তব সাংবাদিকতায় এর প্রায়োগিক ব্যবহারের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সমসাময়িক স্থানীয় ও বৈশ্বিক গণমাধ্যমের প্রবণতা নিয়েও আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিষ্টার সাহেদ আলম, পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ডিরেক্টর শরীফ শাহ জামাল রাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুনায়েদ আহমেদ এবং ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!