গাজীপুরের পূবাইল আদর্শ কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ এবং তাদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল আদর্শ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং কলেজের গভর্নিং বডির সভাপতি এম রকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপ একজন মানুষের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নবনির্মিত ভবন শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি এইচএসসি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল রশিদ পূবাইল থানা যুবদলের আহ্বায়ক মো. মজিবুর রহমান রাজিব, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক ফাইজুল ইসলাম। শেষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।