কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা, গবাদিপশু ও বিপুল পরিমাণ কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৬৫ হাজার ১০০ টাকা।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বস্তাভর্তি গাঁজা, গবাদিপশু ও কসমেটিকস ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব পণ্য জব্দ করেন।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কাজ করছে। এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং সীমান্তে অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!