ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি ক্ষমতার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় রাতে ঘটা এই বিপর্যয়ে ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশটির বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গেছে। ভবন ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটি ছিল ৭ দশমিক ২ মাত্রার, যা কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে আঘাত হানে। এর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজধানী থেকে ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত করে।
রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। লা গুয়াইরার এক বাসিন্দা জানান, ভূমিকম্পের তীব্রতায় বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রধান সড়কগুলোতে বড় বড় ফাটল তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মিরান্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র অনেক মানুষ হতাহতের আশঙ্কা প্রকাশ করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানিয়েছেন, দেশজুড়ে বহু ভবন ধসে পড়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র মূল্যায়নের কাজ চলছে।
ইউএসজিএস সতর্ক করে বলেছে, ভূমিকম্পের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!