দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান।
বুধবার (২৪ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬.৯ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি জাপানের কুজি উপকূল থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৫১.৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সুনামির কোনো সতর্কতা জারি করেনি। দেশটির পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে স্থগিত করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরি ভিত্তিতে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। দেশটির মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা এক বিবৃতিতে জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি যাচাইয়ের কাজ অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, একই দিনে বিশ্বজুড়ে ভেনেজুয়েলা, জাপান এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঘটনা বিশ্বজুড়ে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!