নাটোরের গুরুদাসপুরে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের যেকোনো সম্ভাব্য কর্মসূচি রাজপথে প্রতিহতের ঘোষণা দিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শাপলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর এটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সময় হাসান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব এবং যুগ্ম আহ্বায়ক রিপন সিংহ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদল রাজপথে কঠোর অবস্থানে থাকবে।” তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আওয়ামী লীগের যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহতে প্রস্তুত থাকার ঘোষণা দেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহমেদ এবং সাবেক ছাত্রদল নেতা মো. সেলিম শাহ। এ ছাড়াও উপজেলা যুবদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শোডাউনে অংশ নেন।