জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। একই সঙ্গে বাংলাদেশ উল্লেখ করেছে, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য দীর্ঘমেয়াদে টেকসই নয় এবং রোহিঙ্গারা নিজেরাও দ্রুত নিজ দেশে ফিরে যেতে চায়।

জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের গুরুত্বপূর্ণ এক ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এসব কথা ব‌লেন। শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থায়ী প্রতিনিধি স্পষ্ট করে বলেন, "রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও বহুমাত্রিক সম্পৃক্ততা আরও জোরদার করার আহ্বান জানান; যাতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়।