দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যোগ্য ভিসিদের সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত কর্মীদের বসানো হয়েছে।”
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের প্রধান প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো: ডা. শফিকুর রহমান ৪৭, ৫২, ৭১ এবং ২০২৪ সালের আন্দোলনের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, ২৪ হয়েছিল বলেই ২৬ সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে।”
নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের ৬৬.৮ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও বর্তমান সরকার এখন সেই জনরায়কে অস্বীকার করছে, যা জনগণের সাথে সরাসরি প্রতারণা। সংখ্যাগরিষ্ঠের রায় মেনে নিয়ে সরকারকে দ্রুত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
একটি বড় বাজেট দেওয়া হলেও দেশের দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা যেভাবে ২৯ লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, বর্তমান সরকার তা আটকানোর কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং দেশে দুর্নীতির মিটার আগের চেয়ে আরও বেড়ে গেছে।
নারায়ণগঞ্জকে একসময়ের শিল্পের রাজধানী উল্লেখ করে তিনি আক্ষেপ প্রকাশ করেন যে, এটি এখন সন্ত্রাসের রাজধানীতে পরিণত হয়েছে। মেধাবী ছাত্র ত্বকীসহ নারায়ণগঞ্জে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত অধরাই রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
কর্মী সম্মেলন থেকে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মাওলানা আব্দুল জব্বারকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন ডা. শফিকুর রহমান। একই সাথে সিটির ২৭টি ওয়ার্ডেই জামায়াত প্রার্থী দেবে বলে জানান তিনি। তিনি অনতিবিলম্বে অনির্বাচিত প্রশাসক সরিয়ে দিয়ে একটি সুষ্ঠু, জালিয়াতিমুক্ত এবং কালো টাকার প্রভাবহীন নির্বাচনের দাবি জানান।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও এমপি নুরুল ইসলাম বুলবুল এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!