টাঙ্গাইলের মধুপুরে এক মাদরাসা ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে মো. সোহেল (৩০) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
গত বুধবার (১৬ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মহিষবাথান ঘাট এলাকায় অবস্থিত 'দারুল উলুম নুরানী ও হাফিজিয়া মাদরাসায়' এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শিক্ষক মো. সোহেল উপজেলার বেতবাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয় ও মাদরাসা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীটি মহিষবাথান ঘাট গ্রামের মো. জাকের মিয়ার ছেলে। ঘটনার রাতে ওই শিক্ষক মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
এদিকে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন জঘন্যতম কাজ করেছে। কিন্তু এর আগে কেউ তাকে হাতেনাতে ধরতে পারেনি। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মধুপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!